নিজস্ব প্রতিনিধি,হুড়া:
লক্ষ্য শান্তিপূর্ণ ভোট। আর সেই লক্ষ্যে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে হুড়া এলাকায়। জেলার শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলাশাসক ও পুলিশ সুপার যৌথভাবে রুট মার্চ করেন। এই রুট মার্চের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করা এবং যেকোনো ধরনের অশান্তি রুখতে প্রশাসনের প্রস্তুতি তুলে ধরা।
রুট মার্চ চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বুথ পরিদর্শন করেন তারা। বুথগুলির নিরাপত্তা ব্যবস্থা, পরিকাঠামো এবং ভোটগ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। কোথাও কোনো সমস্যা আছে কি না, তা খুঁটিয়ে দেখেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।
এছাড়াও, এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গেও সরাসরি কথা বলেন জেলাশাসক ও পুলিশ সুপার। তাঁদের আশ্বস্ত করা হয় যে, নির্ভয়ে ভোট দিতে পারেন তাঁরা। প্রশাসন সর্বদা পাশে রয়েছে। যাতে কোনো সম্ভাব্য সমস্যাকে আগেভাগে মোকাবিলা করা যায়, সেই লক্ষ্যে ভোটারদের কাছ থেকে স্থানীয় পরিস্থিতি সম্পর্কেও তথ্য নেওয়া হয়।