নিজস্ব প্রতিনিধি, আড়শা:
জমির মিউটেশন করার নামে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা,পলপল ও সটরা মৌজার মাপ ও রেকর্ড করা সহ একাধিক দাবিতে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে স্মারকলিপি দিল সারা ভারত কিষান খেত মজুর সংগঠনের আড়শা ব্লক কমিটি। শুক্রবার সিরকাবাদ জলটাঙ্কি মোড় থেকে ব্লক অফিস পর্যন্ত মিছিল করে ভূমি সংস্কার দফতরের আধিকারিকের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের দাবি, দুটি মৌজায় মাপ ও রেকর্ড না থাকায় সমস্যায় পড়েছে হাজার হাজার কৃষক। তাঁদের জমি মিউটেশন না হওয়াতে 'কৃষক বন্ধু 'সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে দুটি মৌজার মাপ ও রেকর্ড করার আবেদন জানানো হয়েছে। উপস্থিত ছিলেন সারা ভারত কিষান খেত মজুর সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রঙ্গলাল কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্লক ভূমি সংস্কার দফতর থেকে জানানো হয়েছে, দুটি মৌজার জমির পুরোনো নথি ঠিকঠাক খুঁজে না পাওয়া কাজ আটকে রয়েছে। রাজ্য স্তরে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বাকি দাবিগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।