নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
নির্বাচনের আগে পুরুলিয়া জেলা বিজেপিতে ভাঙ্গন। পদ্ম ফুল ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন বিজেপি নেতা।এবার পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক মেঘদূত মাহাতোর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির জেলা আই টি সেলের কনভেনার বিকাশ গোপ। বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক মেঘদূত মাহাতো।
সূত্রের খবর, বলরামপুর বিধানসভায় বিজেপির প্রার্থী পছন্দ না হওয়াতেই দলীয় কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। বলরামপুরে সাংসদ জ্যোতির্ময় মাহাতোর ঘনিষ্ঠ জলধর মাহাতোকে প্রার্থী করে দল। তা মেনে নিতে পারেননি তিনি। এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে উদ্যেশ্য করে " চামচের দোকানদার" বলে তোপ দাগেন তিনি। তখনই আভাস পাওয়া গিয়েছিল, দলের থেকে তিনি দূরত্ব তৈরি করছেন। পরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন। যদিও পরে তা তুলে নেন। এর পর মনে করা হয়েছিল দলের সাথে ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। কিন্তু ভোটের আগে এবার তিনি সরাসরি তৃণমূলে যোগ দিলেন। এদিন বলরামপুর বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিকাশ গোপ বলেন, "দীর্ঘদিন ধরে আমি দলের হয়ে কাজ করলেও, দলে আমাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। তাই আমি তৃণমূলে যোগ দিলাম। "