নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
রাতের অন্ধকারে এলাকায় বাড়ছিল আগুন লাগার ঘটনা। সোমবার গাড়িতে আগুন লাগানোর সময় অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে পা ভাঙলো গাড়ির মালিকের।
মঙ্গলবার ঝালদার কুশি গ্রামের বাসিন্দা তথা গাড়ির মালিক কৈলাশ মাহাতো ঝালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, সোমবার রাতে এই গ্রামের বাসিন্দা অভিমন্যু কুইরি তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তকে ধরার জন্য তিনি বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ায় তার পা ভেঙে যায়। পা ভেঙে যাওয়ায় অভিযুক্তকে ধরতে না পারলেও , তাঁকে চিনতে পারেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ কুশি গ্রামের বাসিন্দা অভিমন্যু কুইরির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অতীতেও ওই গ্রামের অন্য এক ব্যক্তির গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিল অভিযুক্ত।