ব্লক শহর ভোটের খবর

গণনাকেন্দ্র পরিদর্শনে পুরুলিয়ায় মুখ্য নির্বাচনী আধিকারিক, অভিযোগে সরব তৃণমূল প্রার্থীরা

বলরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর স্পষ্ট অভিযোগ, "আমাদের স্ট্রং রুম পর্যন্ত যেতে বাধা দেওয়া হচ্ছে।" আর এই ঘটনাতেই গণনাকেন্দ্রের নিরাপত্তার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন তিনি।
গণনাকেন্দ্র পরিদর্শনে পুরুলিয়ায় মুখ্য নির্বাচনী আধিকারিক, অভিযোগে সরব তৃণমূল প্রার্থীরা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

গণনাকেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শুক্রবার পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে নিয়ে প্রথমে রঘুনাথপুর কলেজ এবং পরে তিনি পুরুলিয়া শহরের সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের গণনাকেন্দ্র পরিদর্শন করেন। সবকিছু ঘুরে দেখার পর  তিনি জানান, "নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কড়া রয়েছে এবং প্রার্থীদের নিয়ম মেনেই ভেতরে ঢুকতে দেওয়া হবে।"
তবে মুখ্য নির্বাচনী আধিকারিকের এই পরিদর্শনের দিনেই গণনাকেন্দ্রে এসে ক্ষোভ উগরে দেন তিন তৃণমূল প্রার্থী বাঘমুন্ডির সুশান্ত মাহাতো, জয়পুরের অর্জুন মাহাতো ও বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। বলরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর স্পষ্ট অভিযোগ, "আমাদের স্ট্রং রুম পর্যন্ত যেতে বাধা দেওয়া হচ্ছে।" আর এই ঘটনাতেই গণনাকেন্দ্রের নিরাপত্তার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন তিনি।
ভোট গণনার ঠিক আগে খোদ শাসকদলের প্রার্থীদের এমন অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই জেলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। একদিকে কমিশন যখন কড়া নিরাপত্তার দাবি করছে, তখন প্রার্থীদের এই অসন্তোষ নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।