নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শ্রম কোড বাতিল থেকে শুরু করে বিদ্যুৎ আইন ২০০৩ প্রত্যাহার, একাধিক দাবিতে সোচ্চার হয়ে সোমবার পুরুলিয়া শহরে পথে নামলেন বাম সমর্থকরা। বাম সংগঠনগুলির ডাকে আয়োজিত এই জেল ভরো কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর টানটান উত্তেজনা বিরাজ করল জেলা প্রশাসনিক ভবন চত্বরে।
সোমবার সকালে পুরুলিয়ার জুবিলি ময়দানে কয়েক হাজার বাম কর্মী-সমর্থক জমায়েত হন। সেখানে থেকে নিজেদের দাবিদাওয়া সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা হাতে এক বিশাল মিছিল বের হয়।
,সিপিআইএমের জেলা সম্পাদক প্রদীপ রায় বলেন , "জনবিরোধী শ্রম কোড চাপিয়ে শ্রমজীবী মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বিদ্যুৎ আইন এনে সাধারণ মানুষের পকেট কাটার বন্দোবস্ত হচ্ছে। আমাদের দাবি পরিষ্কার। কৃষকদের ফসলের সঠিক দাম দিতে হবে, ১০০ দিনের কাজের সুযোগ বাড়িয়ে অন্তত ২০০ দিন করতে হবে। সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাই আজ বাধ্য হয়েই মানুষ রাস্তায় নেমেছেন"।
পুলিশি বাধার মুখে আন্দোলন কিছুটা হলেও থমকে গেলেও, বাম নেতাদের সাফ বার্তা,দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই আরও তীব্র আকার ধারণ করবে।