রাজনীতি ব্লক ভোটের খবর

শায়েরি থেকে গান, সাংসদ সায়নী যেন প্রচারের ফুল প্যাকেজ

বিশেষ করে নরেন্দ্র মোদি ও অমিত শাহ-কে নিশানা করে তিনি বলেন, “মোহব্বত দিদি সে হোতি হ্যায়, কিসি শাহ মোদি সে নেহি।”
শায়েরি থেকে গান, সাংসদ সায়নী যেন প্রচারের ফুল প্যাকেজ

 


পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক :

তিনি অভিনেত্রী, তিনি সাংসদ। তিনি ভোট প্রচারে তৃণমূলের ফুল প্যাকেজ। বুধবার বিকেল থেকে রঘুনাথপুর, পাড়া আর বলরামপুর বিধানসভার বিভিন্ন এলাকা কার্যত মাতিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ। পাড়ায় জনসভা, রঘুনাথপুর বিধানসভার আড়রা ও বলরামপুর বিধানসভার লাগদা এলাকায় রোড শো করে রাজনৈতিক প্রচারে সরব হন তিনি। এই কর্মসূচিতে তিনি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন। বিশেষ করে নরেন্দ্র মোদি ও অমিত শাহ-কে নিশানা করে তিনি বলেন, “মোহব্বত দিদি সে হোতি হ্যায়, কিসি শাহ মোদি সে নেহি।”

সভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ স্পষ্ট ভাষায় জানান, বাংলা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। তাঁর কথায়, “বাংলা তোমাদের বাপের সম্পত্তি না যে দখল করবে।” এই মন্তব্যের মাধ্যমে তিনি বিজেপির বিরুদ্ধে ‘বহিরাগত’ ইস্যু এবং রাজ্যে প্রভাব বিস্তারের চেষ্টাকে তুলে ধরেন।
রাজনৈতিক দিক থেকে এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে, বিজেপি বাংলার সংস্কৃতি ও স্বাতন্ত্র্যকে আঘাত করছে। সায়নী ঘোষ সেই লাইনেই আরও একবার জোর দিয়ে বলেন, "এই লড়াই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, বরং বাংলাকে বাঁচানোর লড়াই" ।
এই ধরনের বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা রয়েছে তৃণমূল নিজেদেরকে বাংলার স্বার্থরক্ষার দল হিসেবে তুলে ধরতে চাইছে, অন্যদিকে বিজেপিকে ‘বহিরাগত শক্তি’ হিসেবে চিহ্নিত করছে। অন্যদিকে বিজেপি বারবার উন্নয়ন ও কেন্দ্রীয় প্রকল্পের কথা তুলে ধরে পাল্টা প্রচার চালাচ্ছে। ফলে রাজ্যের রাজনীতিতে কেন্দ্র বনাম রাজ্য, এবং ‘আঞ্চলিক বনাম জাতীয়’ এই দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে। সায়নীর প্রচারে জোর হাওয়া লেগেছে এলাকায়, দাবি তৃণমূলের।