ক্রাইম ব্লক

প্রতিশোধ নিতে এআই দিয়ে প্রাক্তন প্রেমিকার আপত্তিকর ছবি ভাইরাল! সাঁওতালডিহিতে ধৃত ঝাড়খণ্ডের যুবক

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রাক্তন প্রেমিকার আপত্তিকর ছবি ভাইরাল করার অভিযোগে ঝাড়খণ্ডের এক যুবককে গ্রেফতার করল সাঁওতালডিহি থানার পুলিশ।
প্রতিশোধ নিতে এআই দিয়ে প্রাক্তন প্রেমিকার আপত্তিকর ছবি ভাইরাল! সাঁওতালডিহিতে ধৃত ঝাড়খণ্ডের যুবক

 

 

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:


সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রাক্তন প্রেমিকার আপত্তিকর ছবি ভাইরাল করার অভিযোগে ঝাড়খণ্ডের এক যুবককে গ্রেফতার করল সাঁওতালডিহি থানার পুলিশ। জানা গিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই  প্রযুক্তি ব্যবহার করে ওই ভুয়ো ছবিগুলি তৈরি করা হয়েছিল। অভিযুক্তকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের স্বার্থে অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত এই যুবকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ এই প্রথম নয়। অতীতে ওই কিশোরীকে অপহরণ করার মতো গুরুতর অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। সেই সময় অপহরণের নির্দিষ্ট মামলা রুজু করে তদন্তে নেমেছিল পুলিশ। অভিযুক্তকে পাকড়াও করার পাশাপাশি অপহৃতা কিশোরীকেও নিরাপদে উদ্ধার করা হয়েছিল। জানা যায়, এই ঘটনার পর ওই যুবক অন্যত্র বিয়ে করে নতুন জীবনও শুরু করে।

কিন্তু পুরনো আক্রোশ যে সে ভুলে যায়নি, তা এই ঘটনাতেই স্পষ্ট। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো অপমানের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই এই জঘন্য ছক কষেছিল ওই যুবক। সেই কারণেই ভুয়ো অ্যাকাউন্ট খুলে, এআই প্রযুক্তির সাহায্যে ওই কিশোরীর সঙ্গে আপত্তিকর ছবি তৈরি করে সে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। বর্তমানে পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করছে সাঁওতালডিহি থানার পুলিশ।