নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মানবাজার থানার বাগডেগা গ্রামে। পুলিশ জানায় ,মৃত যুবকের নাম সুমন্ত রুহিদাস (২৬)। তাঁর বাড়ি মানবাজার থানার জামগড়িয়া গ্রামে। ঘটনায় খুনিদের গ্রেফতারের দাবিতে পুরুলিয়া মানবাজার রাজ্য সড়কের গোপালনগর মোড়ে অবরোধ করে পরিবার ও প্রতিবেশীরা। পরে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে মানবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন আত্মীয়রা। পুলিশ উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে,অবরোধ তুলে নেন তাঁরা।
জানা গিয়েছে , উচ্চ শিক্ষিত ওই যুবক আগে গ্রামে টিউশন পড়াতেন। কয়েক বছর আগে তাঁর বিয়ে হয়। বর্তমানে তিনি আমেদাবাদে ডিপ্লোমা কোর্স করছিলেন। কয়েক মাস পর তার বাড়ি আসার কথা ছিল। পরিবারের অভিযোগ সুমন্তকে পরিকল্পনা করে ডেকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায় , দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ।