সুইটি চন্দ্র, পুরুলিয়া:
বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংস্কৃতির রঙে জমে উঠল উৎসবের আবহ। ‘হৃদয়ে ঐতিহ্য, চেতনায় বাংলা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে শুরু থেকেই দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বীরত্বগাথা ও লোককথার অনন্য মেলবন্ধনে শিল্পীরা দর্শকদের মুগ্ধ করে রাখে। এর পাশাপাশি গান, নাচ এবং কবিতা পাঠে অংশ নেন স্থানীয় শিল্পীরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় । তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বাংলা নববর্ষ শুধু একটা উৎসব নয়, এটা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয়। পুরুলিয়ার মাটি তার নিজস্ব লোকসংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত। এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে নিজের শিকড়ের সঙ্গে যুক্ত রাখবে।”
অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিল স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর ছবি দিয়ে, যা উপস্থিত মানুষের মধ্যে এক ধরনের আবেগ ও একাত্মতার পরিবেশ তৈরি করে।