উৎসবের আলোয় সংস্কৃতি ব্লক

জ্বলন্ত কয়লার ওপর হাঁটছেন মানুষ, ভক্তির প্লাবনে অনন্য খাটঝুড়ি

গাজনের অন্যতম প্রধান আকর্ষণ ‘ফুলকুন্দা’। এই অনুষ্ঠানে ভক্তরা মানত পূরণের জন্য খালি পায়ে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে যান।
জ্বলন্ত কয়লার ওপর হাঁটছেন মানুষ, ভক্তির প্লাবনে অনন্য খাটঝুড়ি

 


নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

গাজন উপলক্ষ্যে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেছে পুরুলিয়া জেলার ঝালদা থানার খাটঝুড়ি গ্রামের বুচা বাবা শিব মন্দিরে।  ৪০০ বছরের পুরনো এই মন্দিরে প্রতি বছরের মতো এবছরও চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয়েছে তিনদিনের গাজন উৎসব।
মন্দিরে বহু পুরনো রীতি মেনেই পুজো ও বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে। গাজনের অন্যতম প্রধান আকর্ষণ ‘ফুলকুন্দা’। এই অনুষ্ঠানে ভক্তরা মানত পূরণের জন্য খালি পায়ে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে যান। এই দৃশ্য দেখতে ও পুজো দিতে আশপাশের গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ আসেন।
পুরোহিত সুভাষ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মন্দির খুব প্রাচীন। বহু বছর ধরে একই নিয়ম মেনে গাজন পালন করা হচ্ছে। ভক্তদের বিশ্বাস আর ভক্তিতেই এই উৎসবের গুরুত্ব বাড়ছে।”
ভক্ত রামেশ্বর মাহাত বলেন, “আমরা প্রতি বছর এখানে আসি। মানত করি আর ফুলকুন্দায় অংশ নিই। এখানে এসে খুব ভালো লাগে, মনে শান্তি পাই।”
পুরো গ্রামজুড়ে এখন উৎসবের পরিবেশ। ভক্তি, ঐতিহ্য ও লোকসংস্কৃতির মেলবন্ধনে গাজন উৎসব এক বড় লোক উৎসবে পরিণত হয়েছে।