খেলা ব্লক

মাদকমুক্ত অযোধ্যার বার্তা দিতে ফুটবল আয়োজনে পুলিশ

▪️১৪ অক্টোবর বাঘমুন্ডির হিলটপ ময়দানে ‘অযোধ্যা ইয়ুথ কাপ’, চ্যাম্পিয়ন দল পাবে ২০ হাজার টাকা ▪️বেআইনি পোস্ত চাষ ও মাদক পাচারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন পুলিশের।
মাদকমুক্ত অযোধ্যার বার্তা দিতে ফুটবল আয়োজনে পুলিশ

 

 

 

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

মাদকের বিরুদ্ধে লড়াইয়ে এ বার ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে পুরুলিয়া জেলা পুলিশ। বেআইনি পোস্ত চাষ ও মাদক পাচারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে আগামী বুধবার, ১৪ অক্টোবর, বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়ের হিলটপ ময়দানে আয়োজিত হচ্ছে ‘অযোধ্যা ইয়ুথ কাপ ২০২৬’। চার দলের এই ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে মাদকমুক্ত অযোধ্যার বার্তা দিতে চায় পুলিশ।

দুপুর ১২টায় শুরু হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ দুপুর ১টায়। ফাইনাল বিকেল ৩টেয়। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ২০ হাজার টাকা ও বিজয়ী ট্রফি। রানার্স-আপ দল পাবে ১৫ হাজার টাকা ও ট্রফি। এ ছাড়াও সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সেরা গোলরক্ষকের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

পুলিশের এই উদ্যোগের লক্ষ্য শুধু ফুটবল প্রতিযোগিতার আয়োজন নয়, খেলার মাঠকে সামনে রেখে তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়াও। বিশেষ করে অযোধ্যা পাহাড় এলাকায় বেআইনি পোস্ত চাষ ও মাদক পাচারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে এই আয়োজন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুলিশের বার্তা স্পষ্ট, নেশার সামগ্রী নয়, যুবসমাজের ভবিষ্যৎ গড়ুক খেলাধুলা।