নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রেলযাত্রীদের হারিয়ে যাওয়া সম্পত্তি নিরাপদে ফেরত দিতে 'অপারেশন আমানত'-এর আওতায় ফের একবার সততা ও দক্ষতার নজির গড়ল পুরুলিয়া রেলওয়ে সুরক্ষা বাহিনী। ভুলবশত ট্রেনে ফেলে যাওয়া সোনার আংটি, রূপোর অলঙ্কারসহ মোট ১ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের একটি ব্যাগ উদ্ধার করে তা প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন পুরুলিয়া পোস্টের আরপিএফ কর্মীরা।
ঘটনার সূচনা মঙ্গলবার। পুরুষোত্তম এক্সপ্রেসে সফর করছিলেন বাসন্তী এক্কা নামের এক মহিলা যাত্রী। বোকারো স্টিল সিটি স্টেশনে নামার সময় ব্যস্ততায় ট্রেনের পেছনের সাধারণ কামরায় নিজের একটি ধূসর রঙের ট্রলি ব্যাগ ফেলে রেখেই নেমে পড়েন তিনি। ব্যাগটি যে ট্রেনে রয়ে গেছে তা বুঝতে পেরেই আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে 'রেল মদত' হেল্পলাইন ১৩৯-এ যোগাযোগ করে অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ পাওয়া মাত্রই সক্রিয় হয়ে ওঠে আরপিএফ-এর টিম। যাত্রীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার পর পুরুলিয়া স্টেশনে ট্রেনটি ঢোকামাত্রই অভিযানে নামেন আরপিএফের সদস্যরা। এএসআই জে. আর. মাহলি, এএসআই পি. এন. পাসওয়ান, হেড কনস্টেবল সালামত শাহ এবং কনস্টেবল সোমনাথ মাজির সমন্বয়ে গঠিত টিমটি নির্দিষ্ট কামরা থেকে অক্ষত অবস্থায় ব্যাগটি উদ্ধার করে আরপিএফ পোস্টে নিরাপদে নিয়ে আসে।
উদ্ধার হওয়া ট্রলি ব্যাগের ভেতরে তল্লাশি চালিয়ে মিলিয়ে দেখা যায় আনুমানিক ৬০ হাজার টাকার একটি হিরে ও সোনার আংটি, ৩০ হাজার টাকা মূল্যের এক জোড়া রূপোর পায়েল, ১৫ হাজার টাকার মূল্যবান চশমা, প্রায় ২ হাজার টাকার চুড়ি এবং ৩০ হাজার টাকার জামাকাপড় ও ব্যক্তিগত সামগ্রী ছিলো যার মোট মূল্য ১,৩৭,০০০ টাকা।
বুধবার সকালে ব্যাগের মালকিন বাসন্তী এক্কা পুরুলিয়া আরপিএফ পোস্টে এসে উপস্থিত হন। প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা ও কঠোর শনাক্তকরণ প্রক্রিয়ার পর অফিসিয়াল রসিদের মাধ্যমে তাঁর সমস্ত বহুমূল্য জিনিসপত্র ফিরিয়ে দেওয়া হয়।
হারানো সম্পত্তি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আবেগপ্লুত বাসন্তী দেবী পুরুলিয়া আরপিএফ টিমের দ্রুত পদক্ষেপ ও তৎপরতার ভূয়সী প্রশংসা করেন এবং রেল প্রশাসনের প্রতি তাঁর বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।