সাধারণ খবর সংস্কৃতি শহর

বিজ্ঞান নাটকের মঞ্চে রাজ্যে জয়ের হ্যাট্রিক পুরুলিয়ার

রাজ্যস্তরের বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়ে জয়ের হ্যাট্রিক করল পুরুলিয়ার ‘এ জি পি এন কনভেন্ট অ্যান্ড ই আর স্কুল’। ৬ ও ৭ অক্টোবর আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বাছাই করা ১০টি নামী স্কুলকে পেছনে ফেলে প্রথম স্থান ছিনিয়ে নেয় তারা।
বিজ্ঞান নাটকের মঞ্চে রাজ্যে জয়ের হ্যাট্রিক পুরুলিয়ার

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বিজ্ঞান নাটকের মঞ্চে আবারও পুরুলিয়ার জয়ধ্বজা! কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম  অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়ে জয়ের হ্যাট্রিক করল পুরুলিয়ার ‘এ জি পি এন কনভেন্ট অ্যান্ড ই আর স্কুল’। ৬ ও ৭ অক্টোবর আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বাছাই করা ১০টি নামী স্কুলকে পেছনে ফেলে প্রথম স্থান ছিনিয়ে নেয় তারা। এবার রাজ্যর প্রতিনিধি হয়ে আগামী ২৬ ও ২৭ নভেম্বর পূর্ব ভারত আঞ্চলিক স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে নামবে জেলার এই প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান।

সমুদ্রের পরিবেশ রক্ষা এবং তার মাধ্যমে ভবিষ্যৎ পৃথিবীর সুরক্ষার বার্তা ফুটিয়ে তোলা হয়েছিল নাটকের মূল গল্পে। নাটকের সুচিন্তিত বার্তা যেমন দর্শকদের স্পর্শ করেছে, তেমনই নজর কেড়েছে সেরা অভিনয়ের মুনশিয়ানা। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রাজ্যস্তরে ‘সেরা অভিনেতার সম্মান লাভ করেছে সপ্তম শ্রেণির ছাত্র শ্রেয়াস পান্ডা। অন্যদিকে, নাটকের ভাবনা ও দিকনির্দেশনাকে সফলভাবে মঞ্চস্থ করে ‘সেরা পরিচালক’ খেতাব ছিনিয়ে নিয়েছেন অভিযান ভট্টাচার্য।

জেলা স্তরের বাধা অতিক্রম করে রাজ্য স্তরে এই অভাবনীয় সাফল্য ধরে রাখা নিছক কোনো কাকতালীয় বিষয় নয়, বরং তা একটানা কঠোর পরিশ্রমের ফসল। টানা তিনবার রাজ্য সেরা হওয়ার এই অভূতপূর্ব গৌরব অর্জন করায় পুরুলিয়ার নাট্যপ্রেমী মানুষ এবং শিক্ষামহলে বইছে আনন্দের হাওয়া। আগামী নভেম্বরে পূর্ব ভারতের আঞ্চলিক মঞ্চেও তারা রাজ্যের মুখ উজ্জ্বল করবে, এমনটাই আশা জেলাবাসীর।