অন্যান্য

বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা স্বস্তি, ৫ ডিগ্রি নামল পারদ পুরুলিয়ায়

টানা তাপপ্রবাহের মাঝে অবশেষে কিছুটা স্বস্তি মিলল পুরুলিয়ায়। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির জেরে এক ধাক্কায় প্রায় ৫ ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। ২৮ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন ২২.৭ ডিগ্রি।
বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা স্বস্তি, ৫ ডিগ্রি নামল পারদ পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

টানা তাপপ্রবাহের মাঝে অবশেষে কিছুটা স্বস্তি মিলল পুরুলিয়ায়। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির জেরে এক ধাক্কায় প্রায় ৫ ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। ২৮ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন ২২.৭ ডিগ্রি।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ২.৭১ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাঘমুণ্ডিতে-৭.২ মিমি। এছাড়া বলরামপুরে ৬.২ মিমি, বরাবাজারে ৪.০ মিমি, কাশিপুরে ৪.২ মিমি এবং পাড়ায় ৩.০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঝালদায় ২.৮ মিমি, পুঞ্চায় ২.০ মিমি, জয়পুরে ১.৮ মিমি, সাঁতুড়ি ও হুড়ায় ১.৬ মিমি করে এবং নিতুড়িয়ায় ০.৮ মিমি বৃষ্টি হয়েছে। হাতোয়াড়া ও মানবাজারে বৃষ্টি রেকর্ড হয়নি।

সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। দুপুরের দিকে চড়চড় করে রোদ ওঠে। কোথাও বেলা গড়াতে, কোথাও সন্ধ্যার পর, কোথাও রাতের দিকে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামায় গরমের তেজ অনেকটাই কমে।

তবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি সাধারণত স্বল্পস্থায়ী স্বস্তি দেয়। পরিষ্কার আকাশ ফিরে এলেই আবার দ্রুত তাপমাত্রা বাড়তে পারে।