নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আসন্ন দুর্গোৎসব ও উৎসবের মরসুমে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে বিশাল পুলিশ বাহিনী নামানোর প্রস্তুতি সম্পন্ন। রাজ্য সরকারের নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে পুরুলিয়া জেলায় প্রায় সাড়ে আটশো নতুন কনস্টেবল যোগ দিচ্ছেন, যাদের সরাসরি পুজোর ডিউটিতে কাজে লাগানোর পরিকল্পনা করেছে জেলা পুলিশ প্রশাসন। সম্প্রতি বরাবাজার থানার একটি বিশেষ অনুষ্ঠানে এসে বিষয়টি জানান পুলিশ সুপার কুমার শানি রাজ। সাধারণত দুর্গাপূজা সহ যেকোনো বড় উৎসবের সময় অতিরিক্ত ফোর্সের জন্য পার্শ্ববর্তী জেলাগুলির ওপর নির্ভর করতে হয়, তবে এবার সেই সংকট অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে। দুর্গাপূজা থেকে শুরু করে লক্ষ্মীপূজা, দীপাবলি, কালীপূজা, ছট পুজো হয়ে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত টানা উৎসবের মরসুম। এই দীর্ঘ সময়জুড়ে পুরুলিয়াতে জনস্রোত সামলানো বড় চ্যালেঞ্জ।
পুলিশ সুপার কুমার শানি রাজ বলেন,
"প্রায় সাড়ে আটশো জন নতুন রিক্রুট কর্মী পুরুলিয়া জেলায় নিযুক্ত হয়েছেন। এই নতুন প্রজন্মের কর্মীরা অত্যন্ত তরুণ যাদের বেশিরভাগেরই বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। প্রশাসন একে ‘নিউ ব্লাড’ বা নতুন শক্তির সংযোজন হিসেবে দেখছে।এই মোট ফোর্সের মধ্যে ২০০ জন মহিলা কনস্টেবল রয়েছেন, যা ভিড় নিয়ন্ত্রণ এবং নারী সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে। বাকি প্রায় সাড়ে ছয়শো জন পুরুষ কনস্টেবল।খুব শীঘ্রই এই নতুন কনস্টেবলদের তিন থেকে চার দিনের বিশেষ প্রশিক্ষণে পাঠানো হবে। প্রশিক্ষণ শেষ করেই তাঁরা সরাসরি দুর্গাপূজা সহ অন্যান্য উৎসবের নিরাপত্তায় রাস্তায় নামবেন"।
অতীতে অন্য জেলা থেকে ফোর্স চেয়ে পাঠাতে হতো, কিন্তু নিজস্ব জেলায় এত সংখ্যক নতুন কনস্টেবল পাওয়ায় এবার আর সেই বাড়তি চাপের মুখে পড়তে হবে না পুরুলিয়া জেলা পুলিশকে।