নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শিকার নয়, বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে শুক্রবার 'সেন্দ্রা' পরব উদযাপন করবে আদিবাসী মানুষজন । রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্ রাজ্য থেকেও মানুষজন অযোধ্যা পাহাড়ে জড়ো হবেন। তাঁর আগে মানুষজনকে সেন্দ্রা পরবে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে, বন্যপ্রাণ হত্যা না করার জন্য আবেদন রেখেছে বনদফতর।
জানা গিয়েছে, এই বছরেও অযোধ্যাপাহাড়ে গার্ধম বা সুতান টাঁড়ি এলাকায় মূল অনুষ্ঠানটি হবে। এর জন্য একদিন আগেই ৮০টি নাকা পয়েন্ট খোলা হবে । নাকা পয়েন্টগুলি পরিচালনা করবেন বন ও পুলিশ কর্মীরা। ইতিমধ্যেই বনাঞ্চল সংলগ্ন সংবেদনশীল গ্রামগুলিতে ২০০টি সচেতনতামূলক ব্যানার, ফ্লেক্স, দেওয়ালে পোস্টার লাগানো হয়েছে। ১০০টির বেশি গ্রামে মাইকিং, সচেতনতা সভা ও অনুষ্ঠান করা হচ্ছে।
২০,০০০ হ্যান্ডবিল বিলি করা হচ্ছে। তাতে জেলা শাসকের পক্ষ থেকে বাংলা-সাঁওতালি ভাষায় সচেতনতার বার্তা দেওয়া হয়েছে।
রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সহযোগিতায় পুরুলিয়া বন দপ্তর বরাভূম, উরমা, কাঁটাডি, কোটশিলা, সুইসা ও পুরুলিয়া স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরেও এই সব সচেতনতা পোস্টার লাগিয়েছে।
সচেতনতার পাশাপাশি শিকার উৎসবে আসা মানুষজনদের জন্য সেন্দ্রায় অংশগ্রহণকারীদের জন্য করা হয়েছে পানীয় জলের ব্যবস্থা।
সৌর বিদ্যুত চালিত ৭টি সিসিটিভি ও ড্রোন দিয়ে নজরদারির পাশাপাশি, এই বছর বন কর্মীরা ঘনিষ্ঠ নজরদারির জন্য গোপন বডি ক্যামেরাও ব্যবহার করবেন। মাঠে উপস্থিত থাকবেন স্বাস্থ্য, দমকল ও আবগারি দপ্তরের কর্মীরাও।