ক্রাইম ব্লক

বান্দোয়ানে ফেরিওয়ালাকে পিটিয়ে খু*ন

অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় একটি বাড়িতে ঢুকে ওই ফেরিওয়ালা আকবর মণ্ডল (৪৫) অশালীন আচরণ করেন এবং তা নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে বচসা বাধে। এরপর তাঁকে মারধর করে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।
বান্দোয়ানে ফেরিওয়ালাকে পিটিয়ে খু*ন

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

মাথার চুলের বিনিময়ে বাসনপত্র বিক্রি করতে গিয়ে আকবর মন্ডল (৪৫) নামের এক ফেরিওয়ালার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে‌ পুরুলিয়ার বান্দোয়ান থানার সুপুরডি গ্রামে। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে একজনকে আটক করেছে।

মঙ্গলবার সকালে তিনি গ্রামে গ্রামে ঘুরে মাথার চুলের বিনিময়ে বাসনপত্র বিক্রি করছিলেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় একটি বাড়িতে ঢুকে ওই ফেরিওয়ালা আকবর মণ্ডল (৪৫) অশালীন আচরণ করেন এবং তা নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে বচসা বাধে। এরপর তাঁকে মারধর করে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।

মৃতের আত্মীয় হজ্জতুল্লা মোল্লা বলেন,
" আমাদের সবাই প্রায় ১৪-১৫ বছর ধরে এই এলাকায় চুলের বিনিময়ে বাসনপত্রের ব্যবসা করছেন এবং সবাই আমাদের চেনে। পুলিশ ফোন করার পর আমরা জানতে পারি যে আকবর মন্ডলকে মাতাল ভেবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে।"
তিনি  আরও বলেন, "এমন কী অন্যায় করেছিল যে একবারে মেরে দিতে হবে? অপরাধ করলে পুলিশের হাতে দেওয়া দরকার ছিল।"

মৃতের পুত্র মোহম্মদ জুলফিকার মন্ডল বলেন, "মেরে পুরো খুলিটা উড়িয়ে দিয়েছে। আমাদের সাথে কারও কোনো ঝামেলা ছিল না। ছেলে হিসেবে আমি এই ঘটনার ন্যায্য বিচার চাই"।

মৃতের পরিবারের বাড়ি বাঁকুড়ার পুনিশোল এলাকায় হলেও গত কয়েক মাস ধরে তারা বান্দোয়ান-ঝাড়খণ্ড সীমান্তের মহুলতল এলাকায় বসবাস করছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।