নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
বলরামপুরে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু হলো বলরামপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, বলরামপুর থানার উরমা এলাকায় একটি সোনার দোকান রয়েছে রাঙাডি গ্রামের বাসিন্দা দীপক কর্মকারের। বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ ফেরার সময় দুটি মোটর বাইকে ৬ জন দুষ্কৃতী তার পথ আটকায়। তার পর ওই ব্যবসায়ীর কাছে থাকা অলংকার ভর্তি ব্যাগটি ছিনতাইয়ের চেষ্টা করে । ওই সময় তিনি বাধা দিলে তাঁকে লোহার রড দিয়ে হামলা চালানো হয়। যার ফলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পথচলতি মানুষজন সেখানে দাঁড়িয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই জখম ব্যবসায়ীকে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।