স্বাস্থ্য শহর

পুরুলিয়ায় বিজেপির রান ফর যোগা

পুরুলিয়ায় বিজেপির রান ফর যোগা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুরুলিয়ায় ভারতীয় জনতা পার্টির  পক্ষ থেকে একটি বিশেষ 'রান ফর যোগা' কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিজেপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপির মিডিয়া ইনচার্জ জয়দীপ্ত চট্টরাজ ভারতের প্রাচীন সংস্কৃতির বিশ্বজনীন স্বীকৃতির কথা তুলে ধরে তিনি বলেন, "আজকে ভারতবর্ষের যে সংস্কৃতি, তাকে গোটা বিশ্ব গ্রহণ করেছে। আমরা যদি প্রতিদিন নিজেদের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে যোগাভ্যাস করতে পারি, তবে আমাদের হাসপাতালের চক্কর কাটা এবং মেডিকেল খরচা অনেকটাই কমে যেতে পারে।" তিনি দলের সমস্ত কার্যকর্তা ও সাধারণ মানুষকে যোগাকে নিজেদের জীবনশৈলীর অন্যতম অঙ্গ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান এবং একটি 'নিরোগ ভারতবর্ষ ও ফিট ইন্ডিয়া' গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে উপস্থিত অপর এক বিজেপি নেতা বিবেক রাঙ্গা এই 'রান ফর যোগা'র মূল উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে জানান, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আজকে সারা বিশ্ব যোগা করছে। আমাদের উদ্দেশ্য হলো যাঁরা এখনো যোগা শুরু করেননি, তাঁরা যেন এই বিশেষ দিনটি থেকে যোগাভ্যাস শুরু করেন এবং সারা বছর তা বজায় রাখেন।" 
নিয়মিত যোগাসনের মাধ্যমে শরীরকে সুস্থ ও নিরোগ রাখা সম্ভব এবং ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করার প্রয়োজনীয়তা কমে যায় বলেও তিনি মন্তব্য করেন।

এদিনের এই সচেতনতামূলক মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে বিপুল উদ্দীপনা লক্ষ্য করা যায়।