নিজস্ব প্রতিনিধি,জয়পুর:
পূর্ব মেদিনীপুরের বাজকুলে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও এর কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে অল ইন্ডিয়া ডিএসও । শনিবার পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার ছাত্র সম্মেলন উপলক্ষ্যে একটি শোভাযাত্রা চলাকালীন এই হিংসাত্মক ঘটনা ঘটে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযোগের আঙুল তোলা হয়েছে এবিভিপি ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে সোমবার রাজ্যব্যাপী 'প্রতিবাদ দিবস' পালনের ঘোষণা করে সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। রাজ্য কমিটির সেই কর্মসূচির অংশ হিসেবেই পুরুলিয়ার জয়পুর লোকাল কমিটির উদ্যোগে চাষরোড এলাকায় একটি ধিক্কার ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, গণতান্ত্রিক উপায়ে আয়োজিত ছাত্র সম্মেলনে পরিকল্পনা মাফিক অতর্কিত হামলা চালানো হয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন উপস্থিত নেতৃত্ব।
জয়পুর চাষরোডের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডিএসওএর পুরুলিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির সভাপতি তন্ময় মহাপাত্র এবং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণা সহিস ও ভাগবত বাউরি। এ ছাড়াও স্থানীয় একাধিক নেতৃত্ব ও কর্মীরা এই ধিক্কার মিছিলে অংশ নেন। সভা থেকে অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়, অন্যথায় আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেওয়া হয়।