নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের দাপট কমার নাম নেই। ২৭ এপ্রিল পুরুলিয়ায় ফের ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গেল তাপমাত্রা। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি।
কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ২.১১ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হুড়ায়।১৬.৪ মিমি। পুঞ্চায় ৮.৬ মিমি। এছাড়া পাড়ায় ২.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জেলার বাকি ব্লকগুলিতে বৃষ্টির দেখা মেলেনি।
সকাল থেকেই ছিল তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত চড়তে থাকে। দুপুরের দিকে গরমের অস্বস্তি চরমে ওঠে। খোলা ও পাথুরে এলাকায় তাপের তীব্রতা আরও বেশি অনুভূত হয়েছে।
বিকেলের দিকে কয়েকটি এলাকায় মেঘ জমে বৃষ্টি হলেও তা খুবই সীমিত এবং স্বল্পস্থায়ী হওয়ায় তাপমাত্রার উপর তার প্রভাব পড়েনি। বরং কোথাও কোথাও আর্দ্রতা বাড়িয়ে ভ্যাপসা গরম অনুভূত হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই সময় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও তা সাধারণত স্থানীয় এবং স্বল্পস্থায়ী হয়। ফলে গরমের সামগ্রিক প্রবণতা অপরিবর্তিতই থাকে।