রাজনীতি ব্লক ভোটের খবর

জয়পুরে লড়াই জমিয়ে দিয়েছেন কংগ্রেসের ফণীভূষণ

২০২১ বিধানসভা নির্বাচনে অল্পের জন্য জয়লাভ করতে পারেননি তিনি। এবার হাল ছাড়তে রাজি নন কংগ্রেস প্রার্থী ফণীভূষণ কুমার ।
জয়পুরে লড়াই জমিয়ে দিয়েছেন কংগ্রেসের ফণীভূষণ

 

নিজস্ব প্রতিনিধি,জয়পুর:

২০২১ বিধানসভা নির্বাচনে অল্পের জন্য জয়লাভ করতে পারেননি তিনি। এবার হাল ছাড়তে রাজি নন কংগ্রেস প্রার্থী ফণীভূষণ কুমার । জয়পুর বিধানসভা এলাকায় নির্বাচনের আগে জোরদার প্রচার শুরু করলেন কংগ্রেস প্রার্থী ফণীভূষণ কুমার। শিব মন্দিরে পুজো দিয়ে দিনটির সূচনা করেন তিনি। এরপর রিগিদ অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে নেমে একাধিক গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমর্থন চান। প্রচারে তাঁর সঙ্গে ছিলেন আইএনটিইউসি-এর জেলা সম্পাদক নির্মল কুমার, দিলীপ সাহ-সহ দলের অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি লক্ষ্মীরাম মাহাত, যুব সভাপতি শ্রীমন্ত মাহাত ও স্থানীয় কর্মীরা। গোটা কর্মসূচিতে দলীয় কর্মীদের উপস্থিতি ও উৎসাহ নজর কাড়ে।
এদিন প্রচারের মূল কেন্দ্রবিন্দু ছিল রিগিদ অঞ্চলের উন্নয়ন ইস্যু। ফণীভূষণ কুমার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই এলাকা উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বড় সমস্যা রয়েছে বলে তিনি তুলে ধরেন। তাঁর বক্তব্য, “এখানে একটি হাইস্কুল পর্যন্ত নেই, যার ফলে এলাকার ছেলেমেয়েরা পড়াশোনায় অনেকটাই পিছিয়ে পড়ছে। এটা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “কংগ্রেসের শাসনকালেই এই এলাকায় যে উন্নয়ন হয়েছিল, তা মানুষ এখনও মনে রেখেছে। সেই কারণেই আবার মানুষ কংগ্রেসকে সুযোগ দিতে চাইছে। আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”

প্রচার চলাকালীন মানুষের সাড়া নিয়েও আশাবাদী শোনায় তাঁকে। তাঁর দাবি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। “মানুষ পরিবর্তন চায়। তারা উন্নয়ন চায়। সেই বিশ্বাস থেকেই আমি বলছি, আসন্ন নির্বাচনে আমরা ভালো ফল করব,” বলেন তিনি।

জয়পুরে এখন আর দুই ফুলের লড়াই নয়, রয়েছে হাত আর কাঁচিও।