নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
প্রশাসক ও জনসেবক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের রাজনৈতিক সফর উদযাপনে পুরুলিয়ায় আয়োজিত হলো বিজেপির বিশেষ ‘সেবা জ্যোতি যাত্রা’। এ উপলক্ষে জেলাজুড়ে শোভাযাত্রা, মশাল মিছিল ও সেবা সংকল্প সভার আয়োজন করা হয়। ছৌ নাচ ও ধামসা মাদলের বর্ণাঢ্য পরিবেশনায় পুরো শহরজুড়ে এক উৎসবমুখর মেজাজ তৈরি হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘ প্রশাসনিক সফরের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “২০০১ সালের ৭ই অক্টোবর ভূমিকম্প-বিধ্বস্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে নরেন্দ্র মোদী তাঁর ২৫ বছরের রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। এরপর ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি দুর্নীতিগ্রস্ত পরিস্থিতি পাল্টে দেন।”
উন্নয়নমূলক প্রকল্পের চিত্র তুলে ধরে সাংসদ আরও জানান, গ্রাম বাংলায় ‘উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পৌঁছে দিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “মেক ইন ইন্ডিয়া এবং নিরাপত্তার ক্ষেত্রে জিরো-টলারেন্স নীতির মাধ্যমে ভারত আজ বিশ্বমঞ্চে স্বাবলম্বী ও শক্তিশালী। পাশাপাশি ৩৭০ ধারা বিলোপ এবং সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ায় দেশের আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় হয়েছে।”
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সহ-পর্যবেক্ষক পিঙ্কি কুশওয়া তিনি বলেন, “দেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ২৫ বছরের নিষ্ঠাপূর্ণ ও সফল নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমাদের এই সেবা সংকল্প সভা ও পথযাত্রা। তাঁর দূরদর্শী নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে একটি সুস্থ, সমৃদ্ধ ও শক্তিশালী ‘বিকশিত ভারত’ গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে, তা অবশ্যই বাস্তবায়িত হবে।”
পুরুলিয়ার রাজপথে ছৌ শিল্পী ও সাংস্কৃতিক দলের অংশগ্রহণে এই ‘সেবা জ্যোতি যাত্রা’ স্থানীয় মানুষের নজর কাড়ে।