রাজনীতি

বিজেপিকে ভোট দিয়ে পুরুলিয়ায় কংগ্রেস সদস্যরা বহিষ্কৃত

দলবিরোধী কার্যকলাপ এবং সরাসরি বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে জেলা কংগ্রেসের দুই নির্বাচিত প্রতিনিধিকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করল পুরুলিয়া জেলা কংগ্রেস কমিটি।
বিজেপিকে ভোট দিয়ে পুরুলিয়ায় কংগ্রেস সদস্যরা বহিষ্কৃত

 


নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:


দলবিরোধী কার্যকলাপ এবং সরাসরি বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে জেলা কংগ্রেসের দুই নির্বাচিত প্রতিনিধিকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করল পুরুলিয়া জেলা কংগ্রেস কমিটি।
জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সভাপতি-প্রধান নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করার অপরাধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন,বাঘমুণ্ডি পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রতিনিধি
কালিকা সিং মুণ্ডা ।  সোমবার বাঘমুণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ভোটাভুটিতে তিনি সরাসরি বিজেপির পক্ষে ভোট দেন। বাঘমুণ্ডি ব্লক কংগ্রেস সভাপতি হরেন্দ্রনাথ সিং মুণ্ডার সুপারিশক্রমে জেলা কংগ্রেস তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

তালিকায় আছেন ঝালদা-১ নম্বর ব্লকের অন্তর্গত তুলিন গ্রাম পঞ্চায়েতের (তুলিন ৫ নম্বর সংসদ) থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য অশোক কুমার মাহাতর নাম।তুলিন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান নির্বাচনকালে তিনি দলবিরোধী কাজে লিপ্ত হয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন। ঝালদা-১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি বাহাদুর মাহাতর অনুমোদনক্রমে তাঁকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে, শৃংখলাভঙ্গ কিংবা দলবিরোধী কোনো কার্যকলাপ কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না।