উৎসবের আলোয় শহর

ঝালদার ৭৬ পুজো কমিটিকে লক্ষ টাকার চেক, উপস্থিত বিধায়ক রহিদাস

রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো ঝালদা শহর ও ঝালদা ১ ব্লকের মোট ৭৬টি পুজো কমিটির হাতে। সোমবার ঝালদা থানার উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুণ্ডির বিধায়ক রহিদাস মাহাত
ঝালদার ৭৬ পুজো কমিটিকে লক্ষ টাকার চেক, উপস্থিত বিধায়ক রহিদাস

 

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

শারদোৎসবের আবহ সারা বাংলা জুড়ে। আর সেই উৎসবের প্রাক্কালে বাঘমুণ্ডি বিধানসভার ঝালদা অঞ্চলের দুর্গাপুজো কমিটিগুলির জন্য এল বিশেষ উপহার। রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো ঝালদা শহর ও ঝালদা ১ ব্লকের মোট ৭৬টি পুজো কমিটির হাতে।
সোমবার ঝালদা থানার উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাঘমুণ্ডির বিধায়ক রহিদাস মাহাত  পুজো উদ্যোক্তাদের হাতে এই সহায়তার চেক তুলে দেন।

তিনি বলেন, "বাংলার দুর্গাপুজো আজ শুধু কোনো নির্দিষ্ট এলাকার উৎসব নয়, এটা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সবচেয়ে বড় মেলবন্ধন। রাজ্য সরকারের এই সামান্য আর্থিক সহায়তা গ্রামীণ ও শহরের ছোট-বড় প্রতিটি পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করবে। পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তা ও আলোর ব্যবস্থা আরও জোরদার করতে এই অর্থ কাজে আসবে।"

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ঝালদা পুরসভার পুরপ্রধান বিজয় কান্দু এবং ঝালদা থানার পদস্থ পুলিশ আধিকারিকরা। পুরপ্রধান বিজয় কান্দু জানান,"পুজোর বাজেট মেটাতে অনেক সময়ই ক্লাবগুলোকে চাঁদার ওপর নির্ভর করতে হয়। রাজ্য সরকারের অনুদান ছোট ও মাঝারি পুজো কমিটিগুলোর ওপর থেকে অনেক চাপ কমিয়ে দিচ্ছে। আমরা আশা করছি, এবারও ঝালদায় প্রতিটি পুজো আরও বেশি জমকালো ও সুন্দরভাবে উদযাপিত হবে।"