নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
টিউশন পড়ানোর সময় একাকিত্বের সুযোগ নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল মানবাজারে। ঘটনায় নির্যাতিতার দাদুর অভিযোগে ওই গৃহশিক্ষককে গ্রেফতার করল মানবাজার থানার পুলিশ। ধৃতের বাড়ি মানবাজার থানা এলাকাতেই। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। অন্য দিকে ১১ বছরের ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার পর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ওই নাবালিকাকে বাড়িতে পড়াতেন। অভিযোগ, রবিবার রাতে পড়ানোর সময় ওই ঘটনা ঘটে। পরে বালিকা পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তাঁরা থানার দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে মানবাজার থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ।