নিজস্ব প্রতিনিধি , বাঘমুন্ডি :
বেআইনি মদ তৈরি ও কারবারের বিরুদ্ধে ফের অভিযানে নামল পুরুলিয়া জেলা পুলিশ। ঝালদার আবগারি দফতরের আধিকারিককে সঙ্গে নিয়ে বাঘমুণ্ডি থানার দুটি গ্রামের মোট চারটি বাড়িতে তল্লাশি চালানো হয় মঙ্গলবার। অভিযানে ২০ লিটার বেআইনি চোলাই মদ এবং ৪০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করে বাজেয়াপ্ত করার পর নষ্ট করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিলিং সেরেং গ্রামের ভারতী মুর্মু, কার্তিক মুর্মু ও মহেশ্বর মুর্মুর বাড়িতে এবং খারবেড়া গ্রামের লক্ষ্মণ পাহাড়িয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। ভারতী মুর্মুর বাড়ি থেকে উদ্ধার হয় ২০ লিটার বেআইনি ভাবে তৈরি চোলাই মদ এবং ৪০০ লিটার গাঁজানো তরল, যা থেকে মদ তৈরি করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে।
জেলায় বেআইনি মদ তৈরি ও বিক্রি বন্ধ করতে এ ধরনের অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।