অন্যান্য

টানা বৃষ্টিতে এক ধাক্কায় ৬–৭ ডিগ্রি পারদ নামল পুরুলিয়ায়

টানা ঝড়-বৃষ্টির জেরে এক ধাক্কায় ৬-৭ ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। ৩০ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াল ৩১.০ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন ১৯.০ ডিগ্রি।
টানা বৃষ্টিতে এক ধাক্কায় ৬–৭ ডিগ্রি পারদ নামল পুরুলিয়ায়

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কালবৈশাখীর জোড়া দাপটে অবশেষে বড় স্বস্তি মিলল পুরুলিয়ায়। টানা ঝড়-বৃষ্টির জেরে এক ধাক্কায় ৬-৭ ডিগ্রি নেমে গেল তাপমাত্রা। ৩০ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াল ৩১.০ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন ১৯.০ ডিগ্রি।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ১৯.০২ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাড়ায় ৩১.৬ মিমি। এছাড়া মানবাজারে ২৫.০ মিমি, বাঘমুণ্ডি ও নিতুড়িয়ায় ২৪.২ মিমি করে, বলরামপুরে ২২.৩ মিমি,  কাশিপুরে ২০.২ মিমি, পুঞ্চায় ১৮.৬ মিমি, হুড়ায় ১৯.৬ মিমি, সাঁতুড়িতে ১৬.৪ মিমি, বরাবাজারে ১৬.০ মিমি এবং হাতোয়াড়ায় ১২.৪ মিমি বৃষ্টি হয়েছে। ঝালদায় ১০.২ মিমি এবং জয়পুরে ৬.৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

সকাল দিকে আকাশ পরিস্কার থাকলেও বেলা গড়াতেই আকাশ মেঘে ঢাকা হয়ে যায়। একাধিক দফায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে কার্যত ভিজে যায় গোটা জেলা। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতাও ছিল যথেষ্ট।

এই টানা বৃষ্টির জেরেই দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। কয়েক দিন আগের ৩৭–৪০ ডিগ্রির গরম থেকে নেমে ৩১ ডিগ্রিতে পৌঁছানোয় জেলাবাসীর স্বস্তি ফিরেছে । রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রিতে নামায় ভোরের আবহাওয়াও বেশ আরামদায়ক হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প ও বায়ুমণ্ডলের অস্থিরতার কারণেই এই দফায় দফায় কালবৈশাখী হচ্ছে।