অন্যান্য

বর্ষা বিদায়ের মুখেও পুরুলিয়ায় বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

রাজ্য থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে আগামী পাঁচ দিনে। মহালয়ার দিনও হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আপাতত ভারি বৃষ্টির আশঙ্কা নেই।
বর্ষা বিদায়ের মুখেও পুরুলিয়ায় বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

শরতের ঝলমলে রোদ এখনও পুরোপুরি দেখা দিচ্ছে না পুরুলিয়ায়। বর্ষা বিদায়ের মুখে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে মঙ্গলবারও জেলার কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। ৬ অক্টোবর পুরুলিয়ায় গড় বৃষ্টিপাত হয়েছে ৪.৮ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলরামপুরে, ২২.৩ মিলিমিটার। পাড়ায় ১৭.৬, নিতুড়িয়ায় ৯.২ এবং ঝালদায় ৪.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হাতোয়াড়ায় ৩.৩, বাঘমুণ্ডিতে ৩.২ এবং বরাবাজারে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। জয়পুর, মানবাজার, সাঁতুড়ি, পুঞ্চা, হুড়া ও কাশিপুরে বৃষ্টির পরিমাণ রেকর্ড হয়নি।

এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ২০.১ ডিগ্রি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গেও। ভারি বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে শুক্রবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিহারের উপর থাকা এই ঘূর্ণাবর্তই পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি বাড়াতে পারে।

এরই মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে আগামী পাঁচ দিনে। মহালয়ার দিনও হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আপাতত ভারি বৃষ্টির আশঙ্কা নেই।