নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
গ্রামাঞ্চলে সরকারি শিক্ষা ব্যবস্থার ক্রমাবনতি এবং মনীষীদের অবমাননার অভিযোগ তুলে সোচ্চার পুঞ্চা ব্লকের এআইডিএসও। সম্প্রতি বিজেপি নেতারা নেতাজিসহ ভারতের মহান সংগ্রামীদের অবমাননা করেছেন, এমন অভিযোগ তুলে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এর পুঞ্চা ইউনিটের উদ্যোগে এক প্রতিবাদী মিছিল ও বিডিও-র কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো।
বৃহস্পতিবার পুঞ্চার বিভিন্ন প্রান্তের একাধিক স্কুল ও কলেজ থেকে শতাধিক শিক্ষার্থী এই প্রতিবাদী মিছিলে যোগ দেন। পুঞ্চা বাজারের প্রধান পথ পরিক্রমা করার পর মিছিলটি ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিডিওর হাতে তাদের দাবিপত্র তুলে দেয়।
ছাত্র নেতৃত্বের অভিযোগ, গ্রামাঞ্চলের একাধিক সরকারি স্কুল আজ শিক্ষকসঙ্কট এবং দুর্বল পরিকাঠামোর কারণে ধুঁকছে। পরিকল্পিতভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে স্কুল বন্ধের আবহ তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি দেশের মহান মনীষীদের মর্যাদাহানির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন।
উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন পুরুলিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় মহাপাত্র, সহ-সভাপতি লালমোহন গোপ মন্ডল, জেলা কোষাধ্যক্ষ বিপিন মাঝি এবং পুঞ্চা ইউনিট সম্পাদক সুরজিৎ মহাপাত্র।