রাজনীতি ব্লক ভোটের খবর

সভায় ভিড় দেখে মোদি বুঝলেন, ৪ মে ভাবরা ভাজা খাওয়াবে পুরুলিয়া

প্রধানমন্ত্রী কার্যত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই ভিড় বোঝাচ্ছে ৪ মে পুরুলিয়ায় ভাবরা ভাজা খাওয়ার নিমন্ত্রণ।
সভায় ভিড় দেখে মোদি বুঝলেন, ৪ মে ভাবরা ভাজা খাওয়াবে পুরুলিয়া

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া

কানায় কানায় পূর্ণ পুরুলিয়া রায়বাঘিনী মাঠের জনসভা দেখে হতবাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এত জনতার উপস্থিতি দেখে প্রধানমন্ত্রী কার্যত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই ভিড় বোঝাচ্ছে ৪ মে পুরুলিয়ায় ভাবরা ভাজা খাওয়ার নিমন্ত্রণ।
সভা মঞ্চ থেকে তিনি সরাসরি  তৃণমূল কংগ্রেসকে  আক্রমণ করেন। তাঁর অভিযোগ, "গত ১৫ বছরে রাজ্যে দুর্নীতি, কাটমানি ও ভয়ের রাজনীতি চলছে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে আদিবাসী ও মহিলারা সমস্যায় পড়েছেন"।
তিনি বলেন, "পুরুলিয়াসহ জঙ্গলমহল এলাকায় উন্নয়ন থমকে গেছে। রাস্তা, বিদ্যুৎ, জল, হাসপাতাল সব ক্ষেত্রেই ঘাটতি রয়েছে। শিল্প না আসার জন্যও তিনি তৃণমূল সরকারের নীতিকে দায়ী করেন।"
আদিবাসীদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী জানান, কেন্দ্র সরকার তাদের জন্য বাজেট বাড়িয়েছে এবং ভগবান বিরসা মুন্ডার জন্মদিনকে ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে ঘোষণা করেছে। তিনি দাবি করেন, "বিজেপি শাসিত রাজ্যগুলোতে বহু আদিবাসী নেতা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।"
মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতিও দেন তিনি। বলেন, "বিজেপি সরকার এলে আর্থিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা, সস্তায় গ্যাস ও পাকা বাড়ির সুবিধা দেওয়া হবে। 'মোদির গ্যারান্টি' দিয়ে এসব প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।
এছাড়াও তিনি দাবি করেন, কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকলে 'ডবল ইঞ্জিন' গতিতে উন্নয়ন হবে। আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।