সুইটি চন্দ্র, পুরুলিয়া:
দুর্গাপুজোর আনন্দে যখন মেতে উঠছে গোটা রাজ্য, ঠিক তখনই সাইবার প্রতারকদের ফাঁদ থেকে উৎসবের আনন্দকে সুরক্ষিত রাখতে অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ। সাইবার অপরাধকে শারদোৎসবের ‘ভিলেন’ আখ্যা দিয়ে তা দমনে সচেতনতাকেই নিজেদের প্রধান হাতিয়ার বা ‘ত্রিশূল’ হিসেবে বেছে নেওয়া হয়েছে। উৎসবের দিনগুলিতে জেলার প্রতিটি প্যান্ডেলে সচেতনতামূলক প্রচার চালানো হবে বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ।
পুলিশ সুপার বলেন, ইদানীংকালে একাধিক নতুন উপায়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে দুষ্কৃতীরা। বিশেষ করে বিদ্যুৎ বিলের প্রতারণা, ওটিপি সংক্রান্ত জালিয়াতি, ভুয়ো সোশ্যাল মিডিয়া ও কেনাকাটার লিঙ্ক, গ্যাসের কানেকশন এবং সিএসসি সংক্রান্ত প্রতারণা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এছাড়াও ডিজিটাল অ্যারেস্ট, ভুয়ো কিউআর কোড স্ক্যান করিয়ে টাকা হাতিয়ে নেওয়া কিংবা লটারি ও রিওয়ার্ডের লোভে ফেলা এ সবই এখন সাইবার অপরাধীদের ফাঁদ।
এই পরিস্থিতি মোকাবিলায় পুরুলিয়া জেলা পুলিশের তরফে একটি বিশেষ 'কী করবেন, কী করবেন না'-র নির্দেশিকা তৈরি করা হয়েছে। পুলিশ সুপার কুমার শানি রাজ জানান, জেলার সমস্ত পুজো কমিটির হাতে এই সচেতনতামূলক বার্তা এবং পোস্টার তুলে দেওয়া হচ্ছে। প্যান্ডেলে প্যান্ডেলে এই নির্দেশিকা প্রদর্শন করা হবে যাতে দর্শনার্থী ও সাধারণ মানুষ সহজে তা পড়তে পারেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বলেন, "সাইবার অপরাধ দিন দিন বাড়ছে। এই অপরাধ রুখতে সচেতনতাই হলো সেরা উপায়। প্রচারপত্রে সংক্ষেপে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে সাধারণ মানুষ কোনটা করবেন আর কোনটা করবেন না। আমাদের লক্ষ্য, প্রতিটি মানুষ যাতে সচেতন হতে পারেন।" পাশাপাশি তিনি সংবাদমাধ্যম ও সাধারণ মানুষকে এই সচেতনতার বার্তা বহুগুণে ছড়িয়ে দেওয়ার প্যান্ডেল-ভিত্তিক উদ্যোগ ও সহযোগিতার আহ্বান জানান।
সচেতনতার জন্য পুলিশ যে বার্তা দিচ্ছে—
"Cyber Crime সম্পর্কিত সতর্কবার্তাঃ
1) আপনার ATM Card নম্বর, PIN, OTP, CVV ব্যাংক থেকে ফোন করছি বলে চাইলে কাউকে বলবেন না।
2) চাকরি করে দেওয়ার নাম করে, Bank Loan পাইয়ে দেওয়ার নাম করে বা অন্য কোনো আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কেউ যদি আপনার ব্যাঙ্ক এর passbook, Pin সহ ATM Card তাকে দিতে বলে কখনই তা দেবেন না। কারণ আপনার ওই account no ও ATM Card টি বিভিন্ন প্রতারণামূলক কাজে ব্যবহার করা হতে পারে।
3) টেলিকম টাওয়ার (Tower) বা মোবাইল টাওয়ার স্থাপন করার জন্য টাকা চাইলে তাতে রাজি হবেন না।
4) বিদ্যুতের বকেয়া বিল মেটানোর জন্য CSEC বা WBSEDCL-এর নাম করে আপনার ফোনে কোনো কল/মেসেজ এলে তাদের কথা মতো আপনার ফোনে কোনো Screen -Sharing App (Anydesk, Team-viewer, Quick-Support) ইনস্টল করবেন না, কোনো OTP শেয়ার করবেন না এবং কোনো টাকা পাঠাবেন না।
5) যেকোনো ধরণের apk ফাইল download/install করার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিন। এটি না করলে ওই অজানা apk ফাইল (যেমনঃ PM Kishan) দ্বারা আপনার Phone/whatsapp/Gmail এমনকি Bank account ও hack হতে পারে।
6) Google থেকে কোনো সংস্থার কাস্টমার কেয়ার এর নম্বর সার্চ না করে সেই সংস্থার অরিজিনাল ওয়েবসাইট বা App থেকে কাস্টমার কেয়ার এর নম্বর সংগ্রহ করুন।
7) সামাজিক নেটওয়ার্কিং সাইট যেমন Facebook, WhatsApp ইত্যাদির মাধ্যমে আপনার অপরিচিত কোনো ব্যাক্তির থেকে বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করবেন না এবং কোনো ভিডিও কল এলে তা রিসিভ করবেন না।
৪) কেউ যদি কোনো অজানা telegram গ্রুপ-এ আপনাকে add করে, সেই গ্রুপ-এ Trading/Cryptocurrency সংক্রান্ত অর্থলগ্নির প্রস্তাব দেয় ও প্রচুর লাভের প্রলোভন দেখায় ও ভুয়ো টাকা লেনদেন এর স্ক্রিনশট দিয়ে আপনাকেও বিনিয়োগ করতে উৎসাহিত করে, তবে তা করবেন না। কেননা এই ফাঁদে পড়লে প্রতারকরা আপনাকে নিঃস্ব করে দেবে।
9) কেউ যদি আপনাকে কোনো Gas Company বা Bank এর নাম ব্যবহার করে ফোন করে বলে যে আপনার গ্যাস এর Subsidy কোনো কারনে আটকে আছে এবং সেই Subsidy পাওয়ার জন্য আপনাকে কোনো একটি অ্যাকাউন্ট-এ কিছু টাকা পাঠাতে হবে অথবা OTP শেয়ার করতে হবে, তাহলে বুঝবেন আপনি কোনো প্রতারকের পাল্লায় পড়েছেন।
10) যদি কোনো অপিরিচিত ব্যক্তি আপনাকে ফোন করে জানায় যে আপনি লটারী বা reward জিতেছেন এবং সেই লটারীর টাকা পাওয়ার পদ্ধতি বলার জন্য আপনাকে কোনো CSP সেন্টার বা সাইবার ক্যাফেতে গিয়ে সেই CSP বা সাইবার ক্যাফের মালিককে আপনার ফোনটি দিতে বলে, তাহলে বুঝবেন আপনি প্রতারিত হতে পারেন।
11) Phone Call, Message Link-এর মাধ্যমে আপনাকে Reward, Lottery, Job, Prize Winner (পুরস্কারের) বা Loan দেবার লোভ দেখালে রাজি হবেন না বা তাদের পাঠানো কোনো অজানা Link / QR Code-এ ক্লিক করবেন না।
12) Facebook, OLX ইত্যাদি সাইট এ কোনো দ্রব্যের বিজ্ঞাপন দেখে প্রলোভিত হয়ে সেই দ্রব্যটি হাতে পাওয়ার আগেই কোনোরকম টাকা দেবেন না, প্রতারক ব্যক্তি সাধারণত আর্মির পরিচয় দিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে থাকে।
13) আপনার কাছে কখন যদি কোনো অজানা নম্বর থেকে পুলিশ এর পরিচয় দিয়ে ফোন আসে এবং আপনাকে বলা হয় আপনার সন্তানকে কোনো নির্দিষ্ট কারণে arrest (Digital Arrest) করা হয়েছে এবং তাকে ছাড়ানোর জন্য টাকা দিতে হবে, তাহলে বুঝবেন আপনি প্রতারিত হতে চলেছেন।
বি.দ্রঃ- কোনোরকম সাইবার প্রতারণার সম্মুখীন হলে NCRP Portal-এ অথবা 1930 এ call করে complaint register করুন।
বি.দ্রঃ- উপরিউক্ত সমস্যাগুলির সম্মুখীন হলে অতি সত্বর আপনার নিকটবর্তী থানা অথবা পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করুন।
বোতামের এক চাপেই পুলিশ হাজির
Google Play Store থেকে পুরুলিয়া জেলা পুলিশের SAHAY App ডাউনলোড করে রেজিস্ট্রেশান করুন