নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:
সন্দেহ যে কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, তার আরও এক মর্মান্তিক উদাহরণ দেখল পুরুলিয়ার সাঁওতালডিহি। স্ত্রীর চরিত্রের ওপর অন্ধ সন্দেহের বশেই তাঁকে গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী ঋজু রাজোয়ারকে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে সাঁওতালডিহি থানার অন্তর্গত টাড়া গ্রামে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নিজেদের বাড়ির বিছানা থেকেই উদ্ধার হয় গৃহবধূ ঝর্ণা রাজোয়াড়ের নিথর দেহ। উদ্ধারের সময় তাঁর গলায় ওড়নার ফাঁস শক্ত করে জড়ানো ছিল। জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে ঋজু ও ঝর্ণার বিয়ে হয়। বর্তমানে ওই দম্পতির সাত বছরের একটি ছেলে এবং পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।
পেশায় দিনমজুর ঋজু বেশ কিছুদিন ধরেই তাঁর স্ত্রীকে সন্দেহের চোখে দেখত। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এমন পরকীয়া সন্দেহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই চরম ঝগড়া ও অশান্তি লেগেই থাকত। অভিযোগ, বৃহস্পতিবার রাতে এই দাম্পত্য কলহ চরমে ওঠে এবং সেই ঝগড়া চলাকালীনই স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে খুন করে ঋজু।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে, মৃতার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় এক নিমেষে ওই দুই ছোট্ট শিশুর জীবন থেকে বাবা ও মা, দুজনেই হারিয়ে গেল, যা গোটা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।