নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
চুরি যাওয়া জেসিবি স্টোন ব্রেকার উদ্ধার করল বলরামপুর থানার পুলিশ। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া যন্ত্রটি উদ্ধার করার পাশাপাশি একটি নীল রঙের সোনালিকা ট্রাক্টরও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ অক্টোবর চুরির অভিযোগে বলরামপুর থানায় একটি মামলা রুজু হয়। তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে পরদিনই সন্ধ্যায় রাপকাটা গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই চার জনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের নাম রসরাজ সিং সর্দার, রাজীব গঁরাই, শান্তি গঁরাই । চতুর্থ অভিযুক্তের নামও রাজীব গঁরাই বলে জানিয়েছে পুলিশ। ধৃতেরা সকলেই রাপকাটা গ্রামের বাসিন্দা।
পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া জেসিবি স্টোন ব্রেকারটি উদ্ধার করা হয়। চুরির সামগ্রী পরিবহণে ব্যবহারের অভিযোগে নম্বর প্লেটবিহীন একটি নীল সোনালিকা ট্রাক্টরও বাজেয়াপ্ত করা হয়েছে।
রবিবার চার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।