নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
নির্বাচনের মুখে বান্দোয়ানে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শুক্রবার বান্দোয়ানের তৃণমূল প্রার্থী রাজিবলোচন সরেন আসপাড়া বুথে দলীয় কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সংগঠনকে আরও মজবুত করা, ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল এবং বুথভিত্তিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, প্রতিটি ভোটারই গুরুত্বপূর্ণ, তাই বাড়ি বাড়ি পৌঁছে দলের উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে।
এর পাশাপাশি গঙ্গামান্না বুথে দিনভর চলে নির্বাচনী প্রচার কর্মসূচি। দলীয় কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এই প্রচারে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল. দলীয় নেতৃত্বের দাবি,এটা ইতিবাচক ইঙ্গিত।
অন্যদিকে, শিরকা গ্রামেও ব্যাপক প্রচার চালানো হয়। রাস্তায় নেমে কর্মীরা স্লোগান, মিছিল এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন।