নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
ভিন রাজ্যে কাজে গিয়ে আবার খুন হল পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক । এবার তামিলনাড়ু। নিহত যুবকের নাম চিত্ত মুর্মু (৩৬)। তার বাড়ি পুঞ্চা থানার শিরিষগোড়া গ্রামে। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে লালপত থানার পুলিশ। বুধবার পরিযায়ী শ্রমিকের দেহ বাড়ি ফিরতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গিয়েছে, বাবা মায়ের মৃত্যুর পর বিয়ে করে তিনি বাঁকুড়ার ছাতনা এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন চিত্ত। সেখান থেকেই ওই যুবক তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হয়ে কাজে গিয়েছিলেন। সেখান থেকেই গত ২৯ মার্চ নিখোঁজ হয়ে যান। কিছু দিন পর পরিবারের তরফে একটি নিখোঁজ ডাইরিও করা হয়।
এর পরেই গত শুক্রবার তামিলনাড়ুর কারুর জেলার লালপত থানা এলাকার ভারাকুর গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে ওই শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা। এই ঘটনায় লালপত থানার পুলিশ একটি স্বতঃপ্রণোদিত খুনের মামলা রুজু করে প্রভু নামে এক যুবককে গ্রেফতার করে।