অন্যান্য

প্রতিদিন বৃষ্টি, মে-র শুরুতে ৩০ ডিগ্রিতে নামল পুরুলিয়ার পারদ

১ মে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়াল ৩০.০ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি। কয়েক দিন আগের ৪০ ডিগ্রি ছোঁয়া গরমের তুলনায় এই আবহাওয়া এখন অনেকটাই আরামদায়ক।
প্রতিদিন বৃষ্টি, মে-র শুরুতে ৩০ ডিগ্রিতে নামল পুরুলিয়ার পারদ

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

এপ্রিলের শেষের টানা ঝড়-বৃষ্টির প্রভাব মে মাসের শুরুতেও বজায়। ১ মে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়াল ৩০.০ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি। কয়েক দিন আগের ৪০ ডিগ্রি ছোঁয়া গরমের তুলনায় এই আবহাওয়া এখন অনেকটাই আরামদায়ক।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ২.২৯ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে জয়পুরে, ১২.৮ মিমি। এছাড়া ঝালদায় ৭.৩ মিমি, বাঘমুণ্ডিতে ৪.২ মিমি, বলরামপুরে ২.২ মিমি, বরাবাজারে ২.০ মিমি এবং হাতোয়াড়ায় ১.৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জেলার বাকি ব্লকগুলিতে বৃষ্টির দেখা মেলেনি।

দিনভর আকাশে মেঘের আনাগোনা না থাকলেও দুপুরের পর মেঘ ঘনিয়ে আসে। তারপর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ায় তাপমাত্রা খুব একটা বাড়ার সুযোগ পায়নি। ফলে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রিতেই আটকে থাকে।

রাতের তাপমাত্রাও ২০ ডিগ্রির আশপাশে থাকায় ভোর ও সকালের আবহাওয়া বেশ মনোরম। গরমের তীব্রতা অনেকটাই কমে যাওয়ায় জেলাবাসীর মুখে এখন স্পষ্ট স্বস্তির ছাপ।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, টানা কালবৈশাখী ও বিক্ষিপ্ত বৃষ্টির জেরেই এই তাপমাত্রা পতন। তবে এই স্বস্তি স্থায়ী নাও হতে পারে। আকাশ পরিষ্কার হলে ফের ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবু মে মাসের শুরুতে এমন মনোরম আবহাওয়া পুরুলিয়াবাসীর কাছে যেন বাড়তি উপহার।