উৎসবের আলোয় শহর

দুর্গাপুজোয় পালটে যাচ্ছে পুরুলিয়া শহরের ট্রাফিক, না জানলেই বিপদ!

দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর বিকেল ৩টে থেকে পরদিন ভোর ৩টে পর্যন্ত বিধিনিষেধ, শহরে ১৬টি ড্রপ গেট
দুর্গাপুজোয় পালটে যাচ্ছে পুরুলিয়া শহরের ট্রাফিক, না জানলেই বিপদ!

 


 

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

দুর্গাপুজোয় যানজট এড়াতে এবং দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে একগুচ্ছ যান নিয়ন্ত্রণ ও পথ পরিবর্তনের নির্দেশিকা জারি করল পুরুলিয়া জেলা পুলিশ। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টে থেকে পরদিন ভোর ৩টে পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। শহরের ভিতরে একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি, শহরে ঢোকার বিভিন্ন রাস্তাতেও পণ্যবাহী গাড়ি এবং অন্য যানবাহনের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করা হয়েছে।

জেলা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, পুরুলিয়া শহরে মোট ১৩টি স্থানে ১৬টি ড্রপ গেট থাকবে। নির্দিষ্ট কয়েকটি রাস্তা দিয়ে তিন ও চার চাকার গাড়ি-সহ অন্যান্য যান চলাচল বন্ধ রাখা হবে। কোথাও সব ধরনের গাড়ি, কোথাও আবার মোটরবাইক ছাড়া অন্য যানবাহনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী কর্তব্যরত পুলিশকর্মীদের নির্দেশই চূড়ান্ত বলে জানানো হয়েছে।

শহরে কোথায় বিধিনিষেধ?

পুরুলিয়া শহরের জজ বাংলো মোড়, রাঘবপুর মোড়, গোশালা মোড়, গোশালা লিঙ্ক রোড, তেলকলপাড়া ট্রাফিক মোড়, ভিক্টোরিয়া মোড়, পুলিশ অফিস মোড়, পিএনবি মোড়, হাটতলা মোড়, ভগৎ সিং মোড়, ওল্ড পুলিশ লাইন মোড়, পাম্প হাউস মোড়, হরিপদ সাহিত্য মন্দির, রথতলা মোড়, রাধাকৃষ্ণ মোড়, জেল স্কুল মোড়, কুকস কম্পাউন্ড ক্রশিং, হোটেল লেক ভিউ সংলগ্ন এলাকা এবং সাধুডাঙা-সহ একাধিক জায়গায় যান চলাচলে বিধিনিষেধ থাকবে।

নির্দেশিকায় কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষেত্রে মোটরবাইক ছাড়া অন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। আবার কিছু রাস্তায় সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি অনুযায়ী গাড়িগুলিকে রাঁচি রোড, উইলকক্স রোড, পুরনো মানবাজার রোড, ভাটবাঁধ-পাতকুম মোড়, ইউনিয়ন মোড়, কোর্ট মোড়, জেলখানা মোড়, কসাই মহল্লা, সাহেব বাঁধ, সুভাষ পার্ক এবং আইটি পার্কের দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

শহরে ঢোকার মুখেও নিয়ন্ত্রণ

শহরের বাইরে শিমুলিয়া জংশন, শিমুলিয়া লিঙ্ক রোড, দুলমি আন্ডারপাস, হোটেল হিল ভিউ সংলগ্ন এলাকা, চেঙ্গি মোড়, টামনা থানা মোড়, সৈনিক স্কুল-চাকড়া আন্ডারপাস, ধানাড়া মোড়, কর্পূরবাগান শ্মশানকালী মন্দির সংলগ্ন সেতু, ছররা চারসড়ক মোড়, তেলকলপাড়া এবং ভাঙড়া-সহ বিভিন্ন জায়গায় যান নিয়ন্ত্রণ করা হবে।

পণ্যবাহী গাড়ির জন্য একাধিক হোল্ডিং পয়েন্ট নির্দিষ্ট করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে চেঙ্গি মোড়, আইমুন্ডি মোড়, চাকড়া আন্ডারপাস, বিরগিড়ি পেট্রল পাম্প সংলগ্ন এলাকা, লধুড়কা মোড় এবং বেলগুমা সেতু সংলগ্ন এলাকা। নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্যবাহী গাড়িকে সংশ্লিষ্ট হোল্ডিং পয়েন্টে অপেক্ষা করতে হতে পারে।

শিমুলিয়া মোড় থেকে বাস ও পণ্যবাহী গাড়ির জন্য পৃথক পথও নির্ধারণ করা হয়েছে। বাসকে সিমুলিয়া- ভাটবাঁধ-পাতকুম-ভিক্টোরিয়া মোড় হয়ে বাসস্ট্যান্ডের দিকে যেতে বলা হয়েছে। পণ্যবাহী গাড়ির জন্য শিমুলিয়া থেকে জাতীয় সড়কের বাইপাস, চাকড়া ও আইমুন্ডি হয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। অন্যদিকে, চাকড়া আন্ডারপাস ও জাতীয় সড়কের বাইপাস-রাঁচি রোডের নির্দিষ্ট অংশেও পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত হবে।

ড্রপ গেটে আটকে যেতে পারে গাড়ি

শহরের ১৩টি জায়গায় বসানো ১৬টি ড্রপ গেটের মাধ্যমে বিভিন্ন রাস্তার প্রবেশপথ নিয়ন্ত্রণ করা হবে। সাধুডাঙা মোড় থেকে পুরুলিয়া রেলস্টেশনের দিকে, তেলকলপাড়া শ্মশানকালী মন্দির সংলগ্ন এলাকা থেকে তেলকলপাড়া মোড়ের দিকে এবং গোশালা মোড় থেকে গড়িখানার দিকে নির্দিষ্ট শ্রেণির গাড়ি চলাচল বন্ধ থাকবে।

রাঘবপুর মোড়, হরিপদ সাহিত্য মন্দির, পাম্প হাউস মোড়, ভিক্টোরিয়া ক্রশিং, হোটেল নেস্ট, দুলমি-কেতিকা ক্রশিং, ভগৎ সিং মোড়, ওল্ড পুলিশ লাইন মোড়, রাধাকৃষ্ণ মোড় এবং রথতলা মোড়েও ড্রপ গেটের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কোথাও তিন ও চার চাকার গাড়ি এবং তার চেয়ে বড় যান আটকে দেওয়া হবে, কোথাও আবার সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।

রেলযাত্রীদের জন্য পৃথক পথ

রেলযাত্রীদের যাতায়াতের ক্ষেত্রেও বিকল্প পথ নির্দিষ্ট করেছে পুলিশ। টাটা ও মানবাজার মহকুমার দিক থেকে আসা যাত্রীদের দুলমি-কেতিকা ক্রশিং, কেতিকা হনুমান মন্দির ও রেলওয়ে কলোনি হয়ে সিন্দারপট্টি আন্ডারপাসের রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। রাঁচি ও রঘুনাথপুর মহকুমার দিক থেকে আসা যাত্রীদের জন্য তেলকলপাড়া হয়ে যাওয়ার পথ নির্ধারিত হয়েছে।

পুজোর ভিড়ে অযথা যানজট ও দুর্ভোগ এড়াতে আগেভাগেই বিকল্প রাস্তা জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছে জেলা পুলিশের নির্দেশিকা। তবে সব ক্ষেত্রেই কর্তব্যরত পুলিশকর্মীদের নির্দেশ মেনে চলতে হবে।