নিজস্ব প্রতিনিধি, কাশিপুর ও পাড়া:
কাশিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমেন বেলথরিয়ার সমর্থনে আদ্রা রেলশহরে রোড শো করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। প্রার্থীকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার করেন তিনি। রাস্তাজুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো ছিল।
রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি অন্য দলে ছিলেন। তখন জে.পি. নাড্ডা ও অমিত শাহ বলেছিলেন যে দলের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ কম। সেই সময় অনুমান করা হয়েছিল বিজেপি ৭০-৮০টির বেশি আসন পাবে না, এবং ফলাফলও প্রায় সেরকমই হয়েছিল। এখন সেই সংখ্যা আরও কমেছে বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, শুধু রাজনীতি করলে হবে না, মানুষের জন্য কাজ করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, বিজেপি প্রতিনিধিরা তেমন উন্নয়নমূলক কাজ করেননি। সৌমিত্র খাঁ-র নাম উল্লেখ করে তিনি বলেন," তিনি সারা বছর রাজনীতি করলেও মানুষের জন্য কাজ করেননি। নিজের প্রসঙ্গে বাবুল বলেন, বিরোধী রাজনীতি করলেও তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন।
শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি বলেন," তিনি যে জয়ের দাবি করছেন তা দলের কর্মীদের উৎসাহ দেওয়ার জন্যই।"
এদিন বাবুল সুপ্রিয় অন্য এলাকাতেও রোড শো করেন এবং পাড়ার আনাড়ায় তৃণমূলের আরেক প্রার্থী মানিক বাউরির সমর্থনেও প্রচার চালান বাবুল সুপ্রিয়।