নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
নির্বাচনের আগে জেলায় নেতাকর্মীদের দলবদল অব্যাহত। ভোটের মুখে জয়পুরে শক্তিবৃদ্ধি বিজেপির । তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জয়পুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা হিরালাল মাহাত সহ ঘাঘরা ও সিধি জামড়া অঞ্চলের শতাধিক পরিবারের ৪০০ কর্মী সমর্থক। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো। যোগদান পর্বে ছিলেন জয়পুর বিধানসভার বিজেপির প্রার্থী বিশ্বজিৎ মাহাতো। যোগদানের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে আগেই বাঘমুন্ডি বিধানসভার কলমা অঞ্চলের রাইডি গ্রামে একধাক্কায় ৯০টি পরিবারের ৩৫০ জনেরও বেশি মানুষ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।
সোমবার এক বিশেষ যোগদান কর্মসূচির মধ্য দিয়ে এই বিপুল সংখ্যক সাধারণ মানুষকে গেরুয়া শিবিরের পতাকাতলে সাদরে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন খোদ বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাত। তাঁর পাশাপাশি নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিতে হাজির ছিলেন দলের কো-কনভেনর জিতেন্দ্রনাথ মাহাত, মণ্ডল সভাপতি সঞ্জয় সিং দেও-সহ জেলা ও মণ্ডলের অন্যান্য নেতৃত্ব।