নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
সেতুর দাবি নিয়ে আগেই গ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের প্রচারে দেওয়াল লিখনে কিছু লিখতে দেওয়া হবে না বলে জানিয়েছিল গ্রামবাসীরা। পরে 'আগে ব্রিজ,পরে ভোট' এই দাবি তুলে গ্রামে ব্যানার টাঙিয়ে ভোট বয়কটের ডাক দেন তাঁরা। তারপরেও প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই রবিবার , রঘুনাথপুর ২ নং ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের 'তুলসীবাড়ি গ্রাম উন্নয়ন কমিটি'র তরফে গ্রামে কালো পতাকা নিয়ে গ্রামে মিছিল করে ভোট বয়কটের ডাক দেওয়া হলো।
গ্রামবাসীরা জানান, গ্রাম থেকে ব্লক সদর চেলিয়ামা দুরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার। কিন্তু গ্রামের পাশেই রয়েছে কাঞ্জিহারা জোড়। সেই জোড়ে সেতু না থাকায় বর্ষাকালে যাতায়াত বন্ধ হয়ে যায় গ্রামবাসীদের। বাধ্য হয়ে বামড়রা হয়ে ১২ কিলোমিটার পথ ঘুরে তাঁদের চেলিয়ামা যেতে হয়। এই জোড়ের উপর সেতুর দাবি নিয়ে জেলা প্রশাসনের বিভিন্ন মহল থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে দরবার করেছেন। কিন্তু সেতু আর তৈরি হয়নি। তাই এদিন তাঁরা গ্রামে কালো পতাকা নিয়ে গ্রামে মিছিল করে ভোট বয়কটের ডাক দেন।