শহর ভোটের খবর

ভোট পরবর্তী হিংসা হলে জিরো টলারেন্স, সাফ জানালেন পুলিশ সুপার

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে জেলার সর্বত্র শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কড়া অবস্থান নিল পুরুলিয়া জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
ভোট পরবর্তী হিংসা হলে জিরো টলারেন্স, সাফ জানালেন পুলিশ সুপার

 

সুইটি চন্দ্র ও শুভদীপ মাহাতো: পুরুলিয়া:


নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে জেলার সর্বত্র শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কড়া অবস্থান নিল পুরুলিয়া জেলা প্রশাসন ও জেলা পুলিশ। বুধবার সকালে জেলাশাসকের দপ্তরের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বার্তা স্পষ্টভাবে তুলে ধরা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার এবং ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোট মিটলেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের ঢিলেমি বরদাস্ত করা হবে না। জেলার প্রতিটি প্রান্তে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।

জেলা পুলিশ সুপার  বৈভব তেওয়ারি বলেন, হিংসা উসকে দেওয়া বা আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো প্রচেষ্টাকেই সহ্য করা হবে না। এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট করেন। ইতিমধ্যেই একটি ঘটনায় পুরুলিয়া থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত অভিযোগ জানানোর সুবিধার্থে একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে জেলা পুলিশ। যেকোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকরা সরাসরি ৯১৪৭৮৮৮৭৯১ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সম্ভাব্য অশান্তি এড়াতে জেলার বিভিন্ন এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি টহলদারি। পাশাপাশি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাধারণ মানুষের সহযোগিতাও চাওয়া হয়েছে।