নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
গরমের দাপট কমার কোনও লক্ষণ নেই। বরং আরও এক ধাপ বাড়ল পারদ। ২০ এপ্রিল পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমের নতুন উচ্চতা। সর্বনিম্ন তাপমাত্রাও বেড়ে দাঁড়িয়েছে ২৫.৪ ডিগ্রিতে। বৃষ্টিপাত হয়নি।
সকাল থেকেই ছিল তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। দুপুরের দিকে গরমের তেজে রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে পড়ার কথা হলেও ভোটের বাজার মানুষকে গৃহবন্দী থাকতে দিচ্ছে না।
সবচেয়ে উদ্বেগজনক রাতের তাপমাত্রা। সর্বনিম্ন পারদ ২৫ ডিগ্রির উপরে থাকায় রাতেও মিলছে না স্বস্তি। ভোরের দিকেও গরমের অস্বস্তি বজায় থাকছে। ফলে দিন-রাত মিলিয়ে কার্যত তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পরিষ্কার আকাশ, শুষ্ক গরম হাওয়া এবং পশ্চিমাঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এই অঞ্চলে দ্রুত তাপমাত্রা বাড়ে। একই সঙ্গে রাতের তাপমাত্রা বেশি থাকায় শরীরের ওপর চাপ আরও বাড়ছে।