নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
দুষ্কৃতীদের নিশানায় স্বর্ণ ব্যবসায়ী। ভর সন্ধ্যায় পথ আটকে বন্দুক দেখিয়ে সর্বস্ব লুঠের চেষ্টা। কিন্তু বাধা পেয়ে শূন্যে গুলি চালিয়ে চম্পট দিল বাইক আরোহী চার দুষ্কৃতী। সোমবার সন্ধ্যায় পুরুলিয়ার কাশিপুর বাজারের এই ঘটনায় জেলা জুড়ে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বলরামপুরের ঘটনার মাত্র চার দিনের মাথায় ফের এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নিরাপত্তা।
জানা গিয়েছে, কাশিপুর পোদ্দার পাড়ার বাসিন্দা চিন্ময় দে-র রথতলায় একটি অলংকারের দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগে নগদ টাকা এবং লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না ছিল। দোকান থেকে মাত্র ৪৯ মিটার যাওয়ার পর একটি অন্ধকার রাস্তায় দুটি বাইকে আসা চার দুষ্কৃতী তাঁর পথ আটকায়। তাদের মধ্যে একজন বন্দুক দেখিয়ে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু চিন্ময়বাবু বাধা দেন এবং চিৎকার শুরু করেন। তাঁর আওয়াজ শুনে পিছন থেকে দোকানের এক কর্মচারী ও আশপাশের মানুষজন ছুটে আসেন। বেগতিক বুঝে শূন্যে এক রাউন্ড গুলি ছুড়ে বাইক নিয়ে দু'দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
এই ঘটনায় কাশিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন চিন্ময়বাবু। তাঁর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ছিনতাইয়ের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। অপরাধীদের ধরতে ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় বলরামপুর থানার নামশোল মোড়ের কাছে ১৮ নম্বর জাতীয় সড়কে একই কায়দায় এক স্বর্ণ ব্যবসায়ীকে আটকে লুটের চেষ্টা করে বাইকে আসা ছয় দুষ্কৃতী। সেবার বাধা দেওয়ায় ওই ব্যবসায়ীকে রড দিয়ে মারা হয়। অপরাধের ধরন দেখে পুলিশের প্রাথমিক অনুমান, দুটি ঘটনার পিছনে একই দল জড়িত। এর কয়েক মাস আগে আড়শার কাঁটাডি, পুরুলিয়া মফস্বল এবং খোদ কাশিপুর বাজারে একইভাবে স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে সর্বস্ব লুঠের ঘটনা ঘটেছিল। সেইসব ঘটনার কিনারা পুলিশ এখনও করে উঠতে পারেনি, আর তার মাঝেই এই নতুন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।