নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
ভোটের মুখে মানবাজারে বদলাতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ। মানবাজার ১ নম্বর ব্লকের পায়রাচালি গ্রাম পঞ্চায়েতের উপরডি সংসদের গোবোদা ও কোলডিহা এই দুই গ্রাম থেকে প্রায় ৪০০ জন ভোটার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবারের এই যোগদান ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে।
তৃণমূল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্থানীয় স্তরে অসন্তোষ বাড়ছিল। বিশেষ করে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের নামে হয়রানির প্রশ্নে ক্ষোভ জমে ওঠে একাংশের মধ্যে। সেই প্রেক্ষিতেই দলবদলের সিদ্ধান্ত বলে দাবি যোগদানকারীদের। এদিন তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। তাঁর কথায়, “মানুষ উন্নয়ন চায়, বিভাজন নয়। সেই কারণেই তাঁরা আমাদের সঙ্গে আসছেন।”
তবে শুধু দলবদলেই নয়, প্রচারের ধরনেও নজর কেড়েছেন সন্ধ্যারানি। প্রচারের ময়দানে ভিড় টানতে তিনি বেছে নিয়েছেন ঝুমুর গান—স্থানীয় সংস্কৃতির ছোঁয়ায় ভোট প্রচার। গ্রামবাংলার মাটির সুরে তৈরি হচ্ছে নির্বাচনী আবহ। মাইকবন্দি প্রচারের বাইরে এই অভিনব উদ্যোগ সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়াচ্ছে।
অন্যদিকে বিজেপি অবশ্য এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ। স্থানীয় নেতৃত্বের দাবি, ভোটের আগে এই ধরনের ঘটনা নতুন নয়। এতে সংগঠনের কোনও প্রভাব পড়বে না। এধরণের যোগদান করিয়ে তৃণমূল সুবিধা করতে পারবে না। এবার জিতবে তারাই।