নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচির চেনা গণ্ডি পেরিয়ে সুস্থ জীবনযাত্রার বার্তা নিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হলেন পুরুলিয়ার বিজেপি নেতৃত্ব। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। তার আগেই ঝালদায় আয়োজন করা হলো এক বিশেষ যোগাভ্যাস শিবিরের।
বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতোর প্রত্যক্ষ উপস্থিতিতে ও তত্ত্বাবধানে এই কর্মসূচিটি পালিত হয়। দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষকেও এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায়।
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের নির্দিষ্ট প্রোটোকল কঠোরভাবে মেনেই আসন ও প্রাণায়াম অভ্যাস করেন উপস্থিত সকলে। দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে শামিল করে কীভাবে সুস্থ ও রোগমুক্ত থাকা যায়, সেই সচেতনতা গড়ে তোলাই ছিল এই শিবিরের মূল লক্ষ্য।