সুইটি চন্দ্র, পুরুলিয়া :
আসন্ন নির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও তাঁর ইস্তাহার প্রকাশ করলেন। ইস্তাহারে জেলার বিভিন্ন সমস্যাকে সামনে রেখে মোট দশ দফা দাবি তুলে ধরা হয়েছে। এই ইস্তাহারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দুর্নীতি রোধ, স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং শিক্ষার মান বাড়ানোর উপর।
ইস্তাহারে বলা হয়েছে, জেলার সরকারি দপ্তরগুলিতে চলা সীমাহীন দুর্নীতি বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং বন্ধ হয়ে থাকা হোস্টেল ও তপশিলি জাতি ও উপজাতি আবাসনগুলি পুনরায় চালু করার আশ্বাস দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বড় ঘোষণা হিসেবে জানানো হয়েছে, দেবেন মাহাতো সদর হাসপাতালকে অন্য কোথাও সরানো হবে না। পরিষেবার মান উন্নত করা হবে।
এছাড়াও সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার দিকেও নজর দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিল তিন মাসের বদলে প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা, এলপিজি গ্যাসের দাম কমানো এবং পৌর এলাকার পরিষেবা উন্নত করার প্রতিশ্রুতি রয়েছে ইস্তাহারে। পরিবেশ রক্ষার দিকেও গুরুত্ব দিয়ে সাহেব বাঁধকে দূষণমুক্ত করে জাতীয় সরোবরের স্বীকৃতি দেওয়ার কথাও বলা হয়েছে।
রাজনৈতিক দিক থেকে এই ইস্তাহারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে আসছে বিরোধীরা। সেই প্রেক্ষিতে কংগ্রেস প্রার্থী সরাসরি জনজীবনের ইস্যুগুলিকে সামনে এনে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। বিশেষ করে বিদ্যুৎ বিল, গ্যাসের দাম ও স্বাস্থ্য পরিষেবার মতো সংবেদনশীল বিষয়গুলো তুলে ধরে সাধারণ মানুষের অসন্তোষকে কাজে লাগানোর কৌশল নেওয়া হয়েছে।