ক্রাইম ব্লক

‘ভুল চিকিৎসায়’ মৃত্যু! মৃতদেহ রেখে পুরুলিয়া-বরাকর সড়কে বিক্ষোভ, তীব্র উত্তেজনা নিতুড়িয়ায়

পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান মৃতার পরিবার ও আত্মীয়েরা। অবরোধের জেরে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় নিতুড়িয়া থানার পুলিশ।
‘ভুল চিকিৎসায়’ মৃত্যু! মৃতদেহ রেখে পুরুলিয়া-বরাকর সড়কে বিক্ষোভ, তীব্র উত্তেজনা নিতুড়িয়ায়

 

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুকে ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল নিতুড়িয়ার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান মৃতার পরিবার ও আত্মীয়েরা। অবরোধের জেরে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় নিতুড়িয়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদনডির বাসিন্দা রিতা বাউরীকে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত অস্ত্রোপচারের জন্য ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পরই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। প্রবল যন্ত্রণায় ছটফট করলেও পরিবারের সদস্যদের তাঁর কাছে যেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। এমনকি পরিবারের সঙ্গে দেখা করার জন্য রিতা আর্জি জানালেও চিকিৎসক ও নার্সেরা তা উপেক্ষা করেন বলে দাবি পরিজনদের।

মৃতার জা সান্ত্বনা বাউরীর অভিযোগ, ‘‘সালকিয়ার এক চিকিৎসকের আশ্বাসে ভরসা করেই রিতাকে এই হাসপাতালে ভর্তি করেছিলাম। অস্ত্রোপচার কক্ষে কী হয়েছে, তা আমরা জানি না। যন্ত্রণায় ছটফট করার সময়ও আমাদের কাছে যেতে দেওয়া হয়নি। পরে শরীরে রক্ত জমে গিয়ে শরীর নীল হয়ে যায়। চিকিৎসায় গাফিলতির কারণেই রিতার মৃত্যু হয়েছে।’’

পরিবারের আরও অভিযোগ, পরিস্থিতি জটিল হয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়ে রিতাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য তড়িঘড়ি ‘রেফার’ করে। কিন্তু তার আগেই তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের।

ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে যোগ দেন স্থানীয় কয়েক জনও। আন্দোলনকারী কল্পনা মণ্ডলের দাবি, ‘‘ওই চিকিৎসকের কাছেই এই হাসপাতালে টিউমারের অস্ত্রোপচার করিয়েছিলাম। ভুল চিকিৎসার কারণে আমার দু’টি কিডনিই বিকল হয়ে যায়। ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করে কঠোর আইনি পদক্ষেপ করা হোক।’’

খবর পেয়ে নিতুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভের জেরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও  প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।