নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
পুলিশের কাজ অপরাধ দমনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বন্ধু হওয়া। এই বার্তাই যেন নতুন করে দিল পুরুলিয়া জেলা পুলিশ। পাহাড়ের সংস্কৃতিকে সম্মান জানাতে এবং প্রত্যন্ত এলাকার আদিবাসী মানুষদের আরও কাছে টানতে এক অভিনব জনসংযোগের পথ বেছে নিল প্রশাসন।
রবিবার বাঘমুণ্ডি থানার অযোধ্যা পাহাড়ের কোলে গড়ে ওঠা প্রত্যন্ত রাঙা গ্রামে বসেছিল খটিয়া বৈঠক। পুরুলিয়ার নতুন পুলিশ সুপার কুমার শানি রাজের নির্দেশে এবং ঝালদা মহকুমা পুলিশের তত্ত্বাবধানে এই বিশেষ সভার আয়োজন করে বাঘমুণ্ডি থানা ও অযোধ্যা পুলিশ ক্যাম্প। গ্রামের মানুষও তাদের নানা অভাব-অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ছিলেন ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ, সুইসা ফাঁড়ির ইনচার্জ শুভজিৎ নন্দীসহ স্থানীয় ক্যাম্পের আধিকারিকরা।
সাধারণ মানুষকে সচেতন করতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেয় পুলিশ।পাহাড়ের বুকে লুকিয়ে চলা অবৈধ পোস্ত চাষের ভয়ঙ্কর কুফল সম্পর্কে গ্রামবাসীদের বোঝানো হয়। সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয় বর্তমানের ডিজিটাল যুগে কীভাবে সাধারণ মানুষ সাইবার অপরাধীদের খপ্পরে পড়ছেন। কোনো রকম আর্থিক প্রলোভনে পা না দেওয়ার এবং জালিয়াতির শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়।আহ্বান জানানো হয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো সমস্যায় আইন নিজের হাতে না তুলে পুলিশের ওপর ভরসা রাখার। যে কোন প্রয়োজনে পুলিশের সাহায্যের জন্য অফিসাররা নিজেদের মোবাইল নম্বর লেখা লিফলেট তুলে দেন বাসিন্দাদের হাতে। পুলিশের এমন আন্তরিক ও মানবিক রূপ দেখে খুশি অযোধ্যা পাহাড়ের বাসিন্দারা।